কুড়িগ্রাম, ২৩ সেপ্টেম্বর ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। দুপুরে কুড়িগ্রামের ‘বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল’ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোছাঃ নুর মহল আখতার বানু এবং শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম-এর উপপরিচালক জনাব মুহঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানের শুরুতে মাননীয় উপাচার্যকে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান। উপাচার্য মহোদয়, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম টেকসই পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত জাতীয় নীতিমালার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত দেশব্যাপী সবুজায়ন উদ্যোগের বাস্তব প্রতিফলন। একটি পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে এই সুদূরপ্রসারী পরিকল্পনা প্রাতিষ্ঠানিক পর্যায়সহ সর্বস্তরে ইতিবাচক উদ্দীপনা সঞ্চার করবে।