Here you will see the details of a News or Event

শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স, অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

 

কুড়িগ্রাম, ১১ অক্টোবর ২০২৬: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য আরও দক্ষ ও উপযোগী করে গড়ে তুলতে আগামী জানুয়ারি থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তিনটি বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৮ই অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম। তিনি অতি শীঘ্রই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এ তিনটি কোর্স চালুর ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।

​বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চয়তা সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘টেকসই উন্নয়নের জন্য একাডেমিয়া ও শিল্পের মধ্যে সেতুবন্ধন, গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর প্রকল্পের (হিট) আওতায় এসব কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এই তিনটি কোর্স চালুর প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান কর্মবাজারে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান যথেষ্ট নয়, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, পেশাগত আচরণ ও নৈতিকতার মতো দক্ষতাও অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি করা গেলে আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

​বিশেষ অতিথির বক্তব্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা জরুরি, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।