Here you will see the details of a News or Event

শ্রেণিকক্ষ পেরিয়ে মাঠপর্যায়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিশিক্ষার বাস্তব পাঠ

কুড়িগ্রাম, ১২ অক্টোবর ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে এক ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর (শনিবার) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুড়িগ্রামের আওতাধীন প্রদর্শনী মাঠে এই কার্যক্রম সম্পন্ন হয়।

​বিশ্ববিদ্যালয়ের 'বীজ বিজ্ঞান ও প্রযুক্তি' (Seed Science and Technology) কোর্সের অংশ হিসেবে লেভেল-২, সেমিস্টার-১-এর শিক্ষার্থীরা এ মাঠপর্যায়ের প্রশিক্ষণে অংশ নেন।

​কার্যক্রম চলাকালে প্রতিটি শিক্ষার্থী ৫ বর্গমিটার আয়তনের নির্দিষ্ট প্লটে হেমন্তকালীন (খরিফ-২) উচ্চফলনশীল জাতের 'বারি মাসকলাই-৩' বীজ বপন করে। এ সময় শিক্ষার্থীরা বিজ্ঞানসম্মত উপায়ে সারি থেকে সারির দূরত্ব ৩০ সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব ১০ সেন্টিমিটার বজায় রেখে বীজ বপনের সঠিক নিয়মকানুন অনুসরণ করে।

​সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দক্ষ ও গবেষণামুখী কৃষিবিদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের মাঠপ্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।