Here you will see the details of a News or Event

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু: ইউজিসির সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কুড়িগ্রাম, ৩০ সেপ্টেম্বর ২০২৬: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ইউজিসিতে উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন। এতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম অংশগ্রহণ করেন।

সভায় ডিসেম্বরের মধ্যে ৫০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র স্থাপন, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা নির্ধারণ, প্রয়োজনীয় জনবল ও কোর্স চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি তৃতীয় ভাষাকে নন-ক্রেডিট ও ক্রেডিট কোর্স হিসেবে চালু, কর্মসংস্থানমুখী ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, তৃতীয় ভাষা শিক্ষা শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কৃষি, খাদ্য, মৎস্য ও কৃষিভিত্তিক প্রযুক্তিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনভিত্তিক ভাষা শিক্ষা তাদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

সভায় তৃতীয় ভাষা শিক্ষার পাশাপাশি শিল্প-একাডেমিয়া সহযোগিতা, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা, এআই, রোবটিকস, সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সের মতো দক্ষতাভিত্তিক শিক্ষা এবং বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাব হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।