Here you will see the details of a News or Event

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য।

বগুড়া, ২৬ জুলাই ২০২৬: বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)-র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন ২০২৬-২৭’-এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।

সম্মেলনের সমাপনী অধিবেশনের আলোচনায় মাননীয় উপাচার্য উত্তরাঞ্চলের গ্রামীণ অর্থনীতি, কৃষিভিত্তিক টেকসই উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি-নির্ভর কৃষি গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কৃষি ও কৃষকের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে একাডেমিক শিক্ষা ও গবেষণার ব্যবহারিক প্রয়োগ অত্যন্ত জরুরি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং পল্লী উন্নয়ন একাডেমীর মতো প্রতিষ্ঠানগুলোর মধ্যকার যৌথ উদ্যোগ ও সমন্বিত পরিকল্পনা এ অঞ্চলের টেকসই কৃষিব্যবস্থা ও পল্লী উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘কৃষি, কৃষক যুবসমাজ এবং উন্নয়ন কাজে নারীর সম্পৃক্তকরণের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করতে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে অক্লান্ত পরিশ্রম করছেন, তার সাথে আমাদের প্রত্যেককে আন্তরিকভাবে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।’’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোর্শেদ মিল্টন এমপি। আরডিএ’র মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের পাশাপাশি পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)-র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, প্রশিক্ষক ও গবেষকগণ উপস্থিত ছিলেন।