কুড়িগ্রাম, ৮ নভেম্বর ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং আলো ও প্রগতির বার্তা নিয়ে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে অসাম্প্রদায়িক ও সম্প্রীতিময় পরিবেশে এ উৎসব পালিত হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চত্বরে শিক্ষার্থীরা একযোগে প্রদীপ প্রজ্বালন করেন। শত শত প্রদীপের মৃদু আলোয় পুরো চত্বর আলোকোজ্জ্বল ও নান্দনিক রূপ ধারণ করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বর্ণিল এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন। আয়োজক শিক্ষার্থীরা জানান, সমাজ থেকে অজ্ঞতা ও কুসংস্কারের অন্ধকার দূর করে সম্প্রীতি ও আলোর বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এ সময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম দীপাবলি উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বাণী প্রদান করেন। তিনি তাঁর বাণীতে বলেন, শিক্ষা ও সংস্কৃতির আলোয় সমাজ থেকে সকল প্রকার অন্ধকার দূর করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধর্মের ও মতের শিক্ষার্থীদের সহাবস্থান এবং একে অপরের উৎসবে অংশ নেওয়ার এই সংস্কৃতি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে। উপাচার্য এবং উপ-উপাচার্য মহোদয় এমন সুন্দর ও উৎসবমুখর আয়োজনের জন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রশাসনের ইতিবাচক সমর্থনে অনুষ্ঠিত এই আয়োজন ক্যাম্পাসের সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সম্প্রীতির এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে।
আলোয় আলোকিত হোক হৃদয়, সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক সুন্দর ও মানবিক সমাজ।